
ঢাকা: ইসলামী ব্যাংক দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’। আজ রোববার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে গ্রেপ্তার এবং পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
একই স্থানে আজ সকালে ছয়টি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধনের পর এই পাল্টা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের পাশাপাশি ব্যাংক দখলের অপচেষ্টা বন্ধের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
মানববন্ধনে পরিষদের সভাপতি নুরুন নবী সাংবাদিকদের সামনে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন:
ব্যাংক লুটেরা এস আলমসহ শীর্ষ লুটেরাদের গ্রেপ্তার, দেশীয় সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা।
ব্যাংক রেজোল্যুশন আইনে লুটেরাদের পুনর্বাসনের লক্ষ্যে সংযোজিত ১৮/ক ধারা অবিলম্বে বাতিল করা।
পটিয়া বাহিনীসহ এস আলমের সহযোগীদের ব্যাংকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ না দেওয়া।
যদি কোনো অবৈধ দখলদার বাহিনীকে ব্যাংকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে তার দায় সরকারকে নিতে হবে।
শেখ হাসিনা সরকারের আমলে জোরপূর্বক ব্যাংক থেকে সরিয়ে দেওয়া প্রকৃত মালিকদের মালিকানা ফিরিয়ে দেওয়া।
দাবি আদায়ে সংগঠনটি আগামী ১৫ দিনের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে:
জনমত গঠনে অনলাইন ও অফলাইনে লিফলেট বিতরণ এবং পোস্টারিং।
বেকার যুবক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই দাবিগুলো জনপ্রিয় করা।
লুটেরাদের সহযোগী ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে রেকর্ড সংরক্ষণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ পাচারকারীদের তথ্য প্রকাশ করা।
জেলা ও উপজেলা পর্যায়ে গ্রাহকদের নিয়ে মানববন্ধন ও সেমিনার আয়োজন করা।
মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংকের সম্পদ সাধারণ মানুষের আমানত। এই সম্পদ লুটেরাদের হাতে ফিরে যেতে দেওয়া হবে না। তারা ‘এস আলম নো মোর’ স্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার প্রদর্শন করে ব্যাংক খাতের শৃঙ্খলা পুনঃস্থাপনের জোর দাবি জানান।
দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সর্বশেষ খবরের জন্য সাথেই থাকুন— কথা২৪
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।